কুড়িগ্রাম প্রতিনিধি:
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ, মজিদা আদর্শ ডিগ্রি কলেজ এবং চিলমারী সরকারি ডিগ্রি কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে ব্যবহৃত ব্যানারে নিহত পারভেজকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী এবং জুলাই-আগস্ট আন্দোলনের সংগ্রামী সৈনিক’ হিসেবে উল্লেখ করা হয়।
কুড়িগ্রাম সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান রুবেল, যুগ্ম সম্পাদক শাওন, সোহেল ও বিপুলসহ কলেজ শাখার নেতাকর্মীরা।
অন্যদিকে চিলমারী সরকারি ডিগ্রি কলেজের মানববন্ধনে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব শামীম মিয়া, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান এবং ছাত্রনেতা আরিফ সরকার।
মানববন্ধন কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিকালে বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। পরে মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই পক্ষকে বসায়। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একদল যুবক।
গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply