কুড়িগ্রাম প্রতিনিধি:
চরাঞ্চলের নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে হস্ত ও কুটির শিল্প এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নারীদের বেকারত্ব দূরীকরণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণে প্রায় ৫০ জন যুব নারী অংশগ্রহণ করেন।
২০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ২০ এপ্রিল রোববার বিকেলে চর যাত্রাপুরের আরডিআরএস ফেডারেশন মিলনায়তনে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি নারীদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাঈদা পারভীন, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জুয়েল রানা, ফজলুল করিম ফারাজীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রশিক্ষণার্থী ফাহমিদা পারভীন বলেন, “আমি স্নাতকে ভর্তির চেষ্টা করছি, তবে আমার ইচ্ছে নার্সিং পড়ার। জেলা প্রশাসক আমাকে ভর্তি সহায়তার আশ্বাস দিয়েছেন।”
সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, “জেলা প্রশাসক চরবাসীর জীবনমান উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। বিশেষ করে নারীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “চরাঞ্চলে অনেক মেধাবী মানুষ রয়েছেন। তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও সহায়তা দিলে তারা নিজেরাই নিজেদের ভাগ্য গড়তে পারবে। ইতোমধ্যে চর থেকে ৪ জন নারীকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে এবং ৩০ জন শিক্ষার্থীকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”
Leave a Reply