কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
২০০১ সালের ১৮ই এপ্রিল বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি ছোট্ট সীমান্তগ্রাম বড়াইবাড়ি পরিণত হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষের মঞ্চে। ভোর রাতের অন্ধকারে শুরু হওয়া এ সংঘর্ষ ছিল বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসে সবচেয়ে তীব্র ও প্রাণঘাতী সংঘর্ষগুলোর একটি।
বিএসএফের অনুপ্রবেশ: বড়াইবাড়ি গ্রামটি বাংলাদেশের সীমান্তের সঙ্গে ভারতের আসাম রাজ্যের লাগোয়া। ১৮ই এপ্রিল ভোররাতে গ্রামের কিছু কৃষক সেচ কাজ দেখতে মাঠে যান। হঠাৎ তারা দেখতে পান, ধানক্ষেতে অস্ত্র হাতে হাঁটছে বহু সৈন্য। সৈন্যরা হিন্দি ভাষায় জানতে চায় বিডিআরের ক্যাম্প কোথায়। এতে গ্রামবাসীরা বুঝে ফেলেন, এরা ভারতের সীমান্ত রক্ষী বাহিনী – বিএসএফ।
দ্রুত খবর পৌঁছে দেন সাহসী গ্রামবাসী,এই খবর দ্রুত পৌঁছে দেন স্থানীয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য সাইফুল ইসলাম লাল। তিনি জানান, ‘‘আমি দৌড়ে বিডিআর ক্যাম্পে গিয়ে জানাই, বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে। তখন ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিলেন। তারা দ্রুত অস্ত্র নিয়ে প্রস্তুতি নেন।’’
পরে পুকুরপাড় থেকে বিএসএফ সদস্যদের চলাফেরা দেখে আবার ক্যাম্পে ফিরে গিয়ে চূড়ান্ত সতর্কবার্তা দেন তিনি। এরপরই শুরু হয় প্রচণ্ড গোলাগুলি।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, ভোর পাঁচটা থেকে শুরু হয় তীব্র গুলির শব্দ। বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। শত শত গুলির শব্দ, চিৎকার আর আতঙ্কে কেঁপে উঠেছিল সীমান্ত অঞ্চল।
প্রাণহানি ও কূটনৈতিক উত্তেজনা: এই সংঘর্ষে ভারতের ১৬ জন বিএসএফ সদস্য নিহত হন। অপরদিকে শহীদ হন বাংলাদেশের বিডিআরের দুই সদস্য। এত বড় প্রাণহানির ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের সৃষ্টি করে। ভারত এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানায়, আর বাংলাদেশ দাবি করে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিডিআরের সদস্যরা তাদের দায়িত্ব পালন করেছেন।
বড়াইবাড়ির সংঘর্ষ শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি ছিল একটি জাতীয় সচেতনতার মুহূর্ত। এই সংঘর্ষ বাংলাদেশের জনগণের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে গভীর চিন্তার জন্ম দেয়।
বড়াইবাড়ি সংঘর্ষ আজও বাংলাদেশের সীমান্ত ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণীয়। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি নাগরিকের সচেতনতা ও সীমান্তরক্ষী বাহিনীর সাহস কতটা গুরুত্বপূর্ণ।
Leave a Reply