ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে বুধবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় “বিজনেস ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি–২০২৫” কনফারেন্স। কনফারেন্সে অংশগ্রহণ করেন দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৮০ জন গবেষক ও শিক্ষাবিদ।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
কনফারেন্সের কীনোট স্পীকার ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূর উন নবী এবং বিজনেস ব্রিলিয়ান্স স্পীকার ছিলেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. আব্দুল-আওয়াল বলেন, “কোয়ালিটি এডুকেশনের দিকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং ধাপে ধাপে সব অনুষদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হবে।” তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে আকিজ উদ্দীনের সাফল্যগাথা, আলীবাবা ও অ্যামাজনের উদাহরণ তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এই দিনব্যাপী কনফারেন্সের পাঁচটি ভিন্ন ট্র্যাকে উপস্থাপিত হয় গবেষণাপত্র। বিকালের সেশনে নির্বাচিত সেরা গবেষকদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ড. মো. আসফাকুর রহমান।
উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম বলেন, “এই কনফারেন্স নতুন ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের নৈতিক ব্যবসার দিকেও নজর দিতে হবে।” কোষাধ্যক্ষ ড. শামীম আহসান বলেন, “এই আয়োজন দেশের গবেষণা ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
Leave a Reply