জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নবীন ফার্মাসিস্টদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক একটি তথ্যবহুল সেমিনার। “Advancing Pharmacy in Bangladesh and the USA: Career in Research and Pharmaceutical Development” শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয় বুধবার (১৬ এপ্রিল)। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা ফার্মাসিউটিক্যাল শিক্ষার আধুনিক দিক, গবেষণার সুযোগ, আন্তর্জাতিক পড়াশোনা এবং কর্মক্ষেত্রে সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “শুধু দেশের ভেতর নয়, আন্তর্জাতিক পরিসরেও সফলভাবে বিচরণ করতে আমাদের শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে। এ ধরনের সেমিনার নবীনদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও পেশাগত প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সেমিনারে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন।
সেমিনারে বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্রের Appalachian College of Pharmacy-এর সহকারী অধ্যাপক ড. এম. ফয়সাল হোসাইন। তিনি যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির আধুনিক কর্মপরিবেশ ও গবেষণার দিক তুলে ধরেন। এছাড়া দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল পিএলসি-এর মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান ও এরিস্টোফার্মা লিমিটেডের এজিএম মোঃ তাসলিম আরিফ ফার্মাসিস্টদের বহুমুখী ক্যারিয়ার সম্ভাবনা, ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ কুমার বিশ্বাস, অধ্যাপক ড. সাইদুর রহমান, ড. মনির হোসাইন, ড. রাজিয়া সুলতানা, অনিতা রানী চৌধুরী, দীপঙ্কর কুমার শীল, সায়েদা জাহানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
এই আয়োজনটি নবীন ফার্মাসিস্টদের পেশাগত দিকনির্দেশনা ও গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
Leave a Reply