রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। গত এক সপ্তাহে রাক্ষসী রূপ ধারণ করা ব্রহ্মপুত্র নদের ভাঙনে অন্তত ২০টি ঘরবাড়ি, দোকানপাট, কাঁচা রাস্তা এবং ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে সরেজমিনে সোনাপুর গ্রামে গিয়ে দেখা যায়, ঘর হারিয়ে রাস্তার পাশে অথবা আত্মীয়স্বজনের বাড়িতে ঝুপড়ি তুলে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা।
ভাঙনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো—সোনাপুর, চরসোনাপুর, ঘুঘুমারী, চরগেন্দার আলগা, গুচ্ছগ্রাম, সুখেরবাতি, খেরুয়ারচর ও দক্ষিণ নামাজের চর। ভাঙনের হুমকিতে রয়েছে এলাকার কাঁচা-পাকা রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং অন্তত ২০০টি ঘরবাড়ি।
চরসোনাপুর গ্রামের বাসিন্দা লিচু মিয়া বলেন, “আমরা রিলিফ চাই না। আমরা নিজের জমিতে ঘর তুলে বাঁচতে চাই। যা জমি ছিল তাও নদীতে গেছে।”
সোনাপুরের সুরুতজামান, মামদ আলী ও রাজ্জাক জানান, “এক বছরে চারবার বাড়ি টান দিছি। এখন আর নিজের কিছুই নাই।”
চরশৌলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কে এম ফজলুল হক মণ্ডল বলেন, “এভাবে চলতে থাকলে মুক্তিযুদ্ধকালীন প্রশিক্ষণ কেন্দ্র সোনাপুর হাইস্কুলসহ এলাকার অনেক স্থাপনা ও ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার জানান, “ব্রহ্মপুত্র নদের পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করছি এবং উপজেলা পরিষদ থেকে সহযোগিতা দেয়া হবে।”
ভাঙনরোধে জরুরি পদক্ষেপ নিতে বারবার ফোন করা হলেও কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply