রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র ও সোনাভরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ট্রাক্টর (কাকড়া) দিয়ে পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
গত শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার হালদার, সহকারী কমিশনার (ভূমি) রাশেল দিত্ত ও রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ঘটনাস্থলে গিয়ে অবৈধ যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেন। এরপর থেকে ভেকু ও ট্রাক্টরের চলাচল বন্ধ রয়েছে, যা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে।
জানা গেছে, উপজেলার কাঠালবাড়ি, বাঘমারা, কান্দাপাড়া, ফলুয়ারচর, জোবায়েদ মোড় ও কাউনিয়ারচর এলাকায় দীর্ঘদিন ধরে ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছিল। ১০-১২টি স্পটে এ কাজ চালানো হচ্ছিল। এ সকল বালু পরিবহনের জন্য প্রতিনিয়ত ট্রাক্টর চলাচল করত, যার ফলে গ্রামীণ রাস্তাগুলো ভেঙে পড়েছে। ধুলোবালি ও শব্দ দূষণের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও ছিল প্রবল। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিশুরা ছিল ঝুঁকিতে।
এ বিষয়ে ইউএনও উজ্জল কুমার হালদার বলেন, “অবৈধ ভেকু দিয়ে বালু কাটা এবং ট্রাক্টর দিয়ে বহন একটি বড় সমস্যা। জেলা প্রশাসকের নির্দেশে আমরা অবৈধ যানবাহন বন্ধ করে দিয়েছি এবং এ বিষয়ে নিয়মিত মনিটরিং চলছে।”
স্থানীয়দের দাবি, প্রশাসনের এই উদ্যোগ যেন স্থায়ীভাবে বজায় থাকে এবং নদী ও পরিবেশ রক্ষায় কঠোর নজরদারি নিশ্চিত করা হয়।
Leave a Reply