ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছুরি ঠেকিয়ে এক বিকাশ ব্যবসায়ীর আড়াই লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ফুলবাড়ী-বালারহাট সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিকাশ ব্যবসায়ীর নাম তাজুল ইসলাম (৩২)। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং বালারহাট বাজারের ‘তিন্নি স্টোর’ নামক একটি বিকাশ এজেন্টের মাধ্যমে লেনদেনের ব্যবসা করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তিনি দোকান বন্ধ করে ক্যাশের পুরো টাকা (আড়াই লাখ টাকার কিছু বেশি) একটি ব্যাগে ভরে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছালে অন্ধকার থেকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বেরিয়ে এসে তার গলা ও বুকে ছুরি ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তাজুল ইসলাম চিৎকার দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার চোখে ও মুখে বালু ছিটিয়ে এবং মুখ চেপে ধরে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। এ সময় ধস্তাধস্তিতে তার গলা ও হাতে ছুরির আঘাতে আহত হন তিনি। আশপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
তাজুল ইসলাম বলেন, “হঠাৎ করে তিনজন অপরিচিত লোক আমার ওপর ছুরি নিয়ে আক্রমণ করে এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি চিৎকার করতে গেলে তারা আমার মুখে বালু ঢুকিয়ে দেয় এবং মুখ চেপে ধরে। তখন বাধ্য হয়ে ব্যাগ ছেড়ে দিই। ব্যাগে আড়াই লাখ টাকার কিছু বেশি ছিল।
তিনি আরও জানান, ঘটনার পরপরই তিনি ফুলবাড়ী থানায় গিয়ে ছিনতাইয়ের বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply