আতিকুর রহমান, বিশেষ প্রতিনিধি:
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হয় ‘মার্চ ফর গাজার’। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জে শনিবার সকাল ১১টায় ‘ভয়েস ফর প্যালেস্টাইন’ নাগেশ্বরী উপজেলা শাখা ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মজলুম ফিলিস্তিনিদের রক্ত বৃথা যাবে না। শহীদদের রক্তের পথ ধরেই একদিন বিজয় অর্জিত হবে এবং স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ইসরায়েলি বাহিনীর হামলাকে তারা ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে বলেন, এ বর্বরতার জন্য একদিন তাদের আন্তর্জাতিক বিচার মুখোমুখি হতে হবে।
বক্তারা আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকটের একমাত্র সমাধান হলো একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র। কিন্তু দখলদার ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উৎখাতের লক্ষ্যে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। শিশু, নারী, বৃদ্ধ—কেউই তাদের জিঘাংসা থেকে রেহাই পাচ্ছে না। এমনকি মসজিদ, গির্জা, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানও তাদের নির্মম হামলার শিকার হচ্ছে।
সমাবেশ থেকে ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানানো হয় এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, মুসলিম উম্মাহ এ পরিস্থিতিতে চুপ করে থাকতে পারে না—প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ভুরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নায়েব আলী, ভয়েস ফর প্যালেস্টাইনের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, এসএসসি পরীক্ষার্থী ইয়াছিন আরাফাত, আবুল কাসেম সরকার, মাওলানা আবুল কালাম প্রমুখ।
Leave a Reply