নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম-৪ আসনের (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন নদী, চর ও জলবায়ু বিশেষজ্ঞ ড. সাদ কাশেম। দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের জলবায়ু, নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে গবেষণা করছেন এই বিশেষজ্ঞ। বর্তমানে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন। কুড়িগ্রামের প্রতিটি মানুষ, বিশেষ করে নদীভাঙন ও চরাঞ্চলের দুঃস্থ জনগোষ্ঠীর সঙ্গে আমার গভীর সংযোগ রয়েছে। তাদের সুখ-দুঃখের সাথী হতে পারাটাই আমার বড় প্রাপ্তি। এই ঈদ সবার জন্য আনন্দ ও শান্তি বয়ে আনবে এ কামনাই করি।”
ড. সাদ কাশেম কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে গুন্জন উঠেছে। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে সম্প্রতি তার এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমূলক বার্তাগুলো ইঙ্গিত দিচ্ছে যে, তিনি বড় পরিসরে কাজ করার পরিকল্পনা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নদী ও চরাঞ্চলের টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার কাজের অভিজ্ঞতা তাকে স্থানীয় জনগণের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
কুড়িগ্রামের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “এই অঞ্চলের প্রধান সমস্যা নদীভাঙন, বন্যা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব। এসব মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। শুধু ত্রাণ নয়, দরকার টেকসই সমাধান। আমি চাই, কুড়িগ্রামের মানুষ দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকার পাশাপাশি উন্নত জীবন গড়তে পাবে।”
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমন প্রত্যাশা নিয়ে ড. সাদ কাশেম বলেন, “পবিত্র ঈদুল ফিতর কুড়িগ্রাম-৪ আসনের সব মানুষের জীবনে নতুন আনন্দ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করুক। এই উৎসব হোক সহমর্মিতা ও সম্প্রীতির প্রতীক। যেখানে সবাই মিলেমিশে ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। ঈদের আনন্দ সবার জন্য সমানভাবে বয়ে আসুক।”
Leave a Reply