জবি প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নববর্ষের আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈশাখী মেলার আয়োজন করা হবে। মেলাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট সংখ্যক স্টল বা দোকান বরাদ্দ দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান বৈশাখী মেলায় স্টল বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ১০ এপ্রিলের মধ্যে নির্ধারিত নিবন্ধন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এই নিবন্ধন ফর্ম ৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরও এই মেলায় অংশগ্রহণ করতে এবং স্টল বরাদ্দের জন্য আবেদন করতে উৎসাহিত করেছে। মেলাটি হবে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি, যেখানে থাকবে হস্তশিল্প, লোকজ পণ্যের প্রদর্শনী, দেশীয় খাবারের স্টলসহ নানা আয়োজন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বৈশাখী মেলা আয়োজনের প্রস্তাব উত্থাপন করেন। এ সময় অন্যান্য ছাত্র প্রতিনিধিরাও এ দাবির প্রতি সমর্থন জানান।
এবারের বৈশাখী মেলা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে একত্রিত করবে এবং বাঙালি সংস্কৃতির আবহে এক আনন্দঘন উৎসবে রূপ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply