পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন। মাত্র ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রয় কর্মসূচির মাধ্যমে তারা দরিদ্র ও সাধারণ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ করে দিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে এ কর্মসূচি শুরু হয়। স্থানীয় সাধারণ মানুষ স্বল্পমূল্যে গরুর মাংস পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বাজারে যেখানে গরুর মাংসের দাম অনেক বেশি, সেখানে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য ছিল স্বস্তির নিঃশ্বাস।
এ প্রসঙ্গে স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাত হোসেন বলেন, আমাদের উদ্দেশ্য একটাই—গরিব-দুঃখী মানুষ যেন ঈদের দিন গরুর মাংস খেতে পারে। ঈদের আনন্দ তারা যেনো পুরোপুরি উপভোগ করতে পারে, এ কারণেই এই উদ্যোগ নিয়েছি।”
সংগঠনটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম বলেন,
“প্রতিবছর আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করি। এবার সাধারণ মানুষের কথা মাথায় রেখে ঈদের বিশেষ আয়োজন করেছি। আশা করি, এই উদ্যোগ তাদের ঈদ আনন্দ বাড়িয়ে তুলবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জিসান খান, অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপদেষ্টা আতাউর রহমানসহ অন্যান্য সদস্যরা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই গরুর মাংস বিক্রয় কার্যক্রম আগামী তিন দিন ধরে চলবে, যাতে আরও বেশি মানুষ এই সুযোগ গ্রহণ করতে পারেন
৫৯৫ টাকায় গরুর মাংস কিনতে পেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল হাকিম বলেন, বর্তমানে বাজারে গরুর মাংসের দাম অনেক বেশি। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে বেশি দামে মাংস কেনা কঠিন। এই উদ্যোগের জন্য স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
আরেক স্থানীয় বাসিন্দা রোকেয়া বেগম বলেন,আমরা প্রতি ঈদে গরুর মাংস খেতে পারি না, কারণ দাম অনেক বেশি থাকে। কিন্তু এবার কম দামে কিনতে পেরে খুব ভালো লাগছে।
সমাজসেবামূলক কাজে প্রশংসিত স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ঈদে গরুর মাংস স্বল্প মূল্যে বিক্রয়ের মতো উদ্যোগ ছাড়াও, সংগঠনটি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।
এই ধরনের মানবিক উদ্যোগ কুড়িগ্রামের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। স্থানীয়দের মতে, এমন কার্যক্রম যদি প্রতিবছর হয়, তাহলে ঈদের আনন্দ সত্যিই সবার মাঝে ছড়িয়ে পড়বে। সংগঠনের সদস্যরা আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতেও তারা সমাজের মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবেন।
Leave a Reply