নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের রাজিবপুরে জামায়াতের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফজলুল হককে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টার দিকে রাজিবপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কুড়িগ্রাম সংবাদ কে নিশ্চিত করেছেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
গ্রেপ্তার ফজলুল হক উপজেলার কোদালকাটি ইউনিয়নের হারু দেওয়ানীপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি কোদালকাটি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাজিবপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, ক্ষতি, চাঁদাবাজি, চুরি ও বিস্ফোরক আইনে উপজেলা জামায়াতের অফিস সহায়ক আজহার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এজাহারে ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়।
ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা ও ইউপি সদস্য ফজলুল হককে শুক্রবার (২১ মার্চ) সকালে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply