জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার এক বছর পার হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। উল্টো, এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রারের অসদাচরণের শিকার হয়েছেন অবন্তিকার মা তাহমিনা শবনম বেগম।
তাহমিনা শবনম বেগম বলেন, “তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে আমি প্রথমে ট্রেজারার স্যারকে ফোন দিই। তিনি আমাকে রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এরপর রেজিস্ট্রার অধ্যাপক গিয়াসউদ্দিন স্যারের সঙ্গে কথা বললে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি স্পষ্টভাবে বলেন, আমাকে তদন্ত প্রতিবেদন দেখানো যাবে না। যদি জানতে চাই, তাহলে আদালতে যেতে হবে। এটা কেমন আচরণ? আমার মেয়ে মারা গেছে, কীভাবে কী হলো, তা জানার অধিকার কী আমার নেই? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বছর পেরিয়ে গেলেও কেন তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে না, তা আমাদের কাছে পরিষ্কার নয়। আমি আমার মেয়ের মৃত্যুর ন্যায়বিচার চাই।”
তবে, অসদাচরণের অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিন। তিনি বলেন, “আমি তাকে (অবন্তিকার মা) উপদেশ দিয়েছি। সেটিকে যদি তিনি অসদাচরণ মনে করে থাকেন, তাহলে আমার কিছু করার নেই। আমি খারাপ আচরণ করিনি; বরং তিনিই আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন।”
এদিকে, অবন্তিকার আত্মহত্যার এক বছর পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জবির শিক্ষার্থীরা। গত ১৬ মার্চ, ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ ব্যানারে একদল শিক্ষার্থী মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন। তারা অবন্তিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সহপাঠী আম্মান সিদ্দিকী ও শিক্ষক দ্বীন ইসলামের শাস্তির দাবিও জানান।কিন্তু প্রশাসন এ বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৫ মার্চ ফেসবুকে একটি পোস্ট দিয়ে আত্মহত্যা করেন জবির আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। মৃত্যুর আগে দেওয়া ওই পোস্টে তিনি তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও শিক্ষক দ্বীন ইসলামকে দায়ী করেন। ঘটনার পরদিনই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিলেও, তা এখনো প্রকাশ করা হয়নি। গত ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় প্রতিবেদনটি উত্থাপিত হলেও প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করেনি।
Leave a Reply