বখতিয়ার নাসিফ আহাম্মেদ:
দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে রংপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগ্রামী ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মহানগরীর খামারমোড়স্থ নেসকো অফিসের সামনে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশিকুর রহমান বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। পাশাপাশি তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়, তবে তাদের উচিত পদত্যাগ করা।
রংপুর মডেল কলেজের শিক্ষার্থী স্বর্ণা বলেন, নারীদের নিরাপত্তা দিন দিন হুমকির মুখে পড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। তিনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
অন্যদিকে, শিক্ষার্থী আশা ইসলাম বলেন, “ধর্ষকদের কোনো স্থান সমাজে নেই। যতক্ষণ পর্যন্ত নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত না হবে, ততক্ষণ আমাদের প্রতিবাদ চলবে।”
সাংস্কৃতিক কর্মী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান আবির বলেন, “আমাদের আন্দোলনে যারা সংহতি জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে, তাই প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।”
প্রতিবাদ মিছিলে উপস্থিত সকলে একযোগে দাবি জানান, ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
Leave a Reply