শামীমা রহমান, ইবি প্রতিনিধি:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…।অমর একুশে একটি রক্তঝরা ইতিহাসের স্বাক্ষী। এদিনটি বাঙালিকে স্বমহিমায় বাঁচতে শেখায়। মনে করিয়ে দেয় সেই রক্তস্নাত ভাষা আন্দোলনকে। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাঙালির সেই সংগ্ৰাম আজও স্বগৌরবে উজ্জ্বল। রক্তের বিনিময়ে অর্জিত শহিদ দিবস পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। প্রতিবছর ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে একুশে ফেব্রুয়ারিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারাদেশে যথাযোগ্য সম্মান ও মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ও (ইবি) তার ব্যতিক্রম নয়।
ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নানান কর্মসূচি গৃহীত হয়েছে। ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে কালো ব্যাজ ধারণ করে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২ টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন হল, কর্মকর্তা-কর্মচারী,
ফোরাম, সংগঠন প্রভৃতির সক্রিয় অংশগ্রহণ ছিলো।এরপর সকাল ১০ টায় প্রশাসন ভবনে, বিভিন্ন হলসমূহে ও দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
দিবসটিকে ঘিরে মূল আকর্ষণ হলো প্রশাসন কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী ‘অমর একুশে বইমেলা’। বিশ্ববিদ্যালয়ের আমবাগানে বইমেলার জন্য সাজানো হয়েছে প্রায় ৫০ টি স্টল। এতে বিভিন্ন বিভাগ,ক্লাব,সংগঠনের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বইমেলার উদ্বোধন করেন। বইমেলায় রঙিন মলাটে বইয়ের সমারোহ স্টলের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কয়েকগুণ। তবে শুধু বইয়ের সমারোহই নয়, এছাড়াও রয়েছে আরো নানা আয়োজন। রয়েছে বাহারি ও মজাদার খাবারের আয়োজন। কয়েকটি স্টলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা আছে। আরো আছে স্বল্পমূল্যে ফলজ ও ঔষধি গাছের চারা সংগ্রহের ব্যবস্থা।
বইমেলায় জুলাই বিপ্লবের স্মৃতিকে স্মরণ করে মেলার প্রবেশপথেই ফ্রেম ব্যানার সাজানো হয়েছে।এটি নজর কেড়েছে শিক্ষার্থীদের। ব্যানারে ‘ফেরাউন কর্নার’ এবং ‘ঘৃণাবান’ নামক ফ্রেম ব্যানার ছিলো অন্যতম আকর্ষণ। শিক্ষার্থীদের মতে এটি জুলাই বিপ্লবের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। এছাড়াও একুশে ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটায় বাংলা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এবং ব্যান্ড দলের পরিবেশনায় অমর একুশে সংশ্লিষ্ট সংগীত পরিবেশন করা হয়।
আলোচনা সভায় অমর একুশে উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ শাহিনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী।এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
বিশেষ অতিথি অধ্যাপক ড. এম এয়াকুব আলী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বলেন , “বাংলাদেশ ছাড়াও কিছু রাষ্ট্রে বাংলা রাষ্ট্র ভাষা। বাংলা এমন ভাষা যা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এটি আল্লাহর সেরা দান। আর ধর্মেও আছে মাতৃভাষাকে অধিক গুরুত্ব দেওয়া। রাসূল (সা.) বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলতেন। আমাদেরও উচিত বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলা।”
Leave a Reply