শামীমা রহমান,ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ‘পুরষ্কার বিতরণী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মিলনমেলা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই আয়োজন করা হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরো সুদৃঢ় করার জন্যই যেন এই মিলনমেলা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম আহমেদ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারিয়া পারভিন মিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ বিষয়ে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আজকের আয়োজনে সবচেয়ে আকর্ষণীয় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। মাদককে না বলে খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন গড়াই আমাদের লক্ষ্য। আমরা চাই— এমন আয়োজন নিয়মিত হোক। মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত হলে সিনিয়র-জুনিয়র এবং শিক্ষক-শিক্ষার্থীদের বন্ধন আরও দৃঢ় হবে বলে আমরা আশা করি।”
বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজি বলেন, “আজকের অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও চমৎকার ছিল। আয়োজনের পুরো কৃতিত্ব শিক্ষার্থীদের। আমি মনে করি— সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলা শিক্ষাকার্যক্রমেরই অংশ। বিশ্ববিদ্যালয় ও বিভাগের সবার বন্ধন অটুট রাখতে আমরা নিয়মিত এ ধরনের আয়োজন করার চেষ্টা করবো।”
অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকের পুরস্কার বিতরণী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মিলনমেলায় উপস্থিত হয়ে আমি মুগ্ধ। তোমরা যেমন খেলাধুলায় চ্যাম্পিয়ন, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রেও সাফল্য অর্জন করতে হবে। আমি তোমাদের প্রতি আহ্বান জানাই— মনোযোগ দিয়ে পড়াশোনা করো, পরিশ্রম করো, গবেষণায় মনোযোগ দাও। মনে রাখবে— পরিশ্রম ছাড়া কখনোই প্রকৃত সাফল্য আসে না।”
তিনি আরও বলেন, “প্রত্যেক শিক্ষার্থীর একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকা উচিত। এরপর প্রচেষ্টা ও নিষ্ঠার সঙ্গে নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কাজে আগ্রহ ও ভালোবাসা থাকতে হবে। জীবনে সফল হতে বিষয়বস্তু যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি প্রয়োজন কঠোর পরিশ্রম। যা কিছু শিখেছ, তা কাজে লাগিয়ে অর্জনের পথে এগিয়ে যাও। আমি বিশ্বাস করি, তোমরা তোমাদের জীবনেও চ্যাম্পিয়ন হবে—এটাই আমার প্রত্যাশা।”
Leave a Reply