শামীমা রহমান, ইবি প্রতিনিধি:
ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের আয়োজনে ‘বসন্ত উৎসব –১৪৩১’ উদযাপন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শোভাযাত্রা শেষে বাংলা মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগটির সভাপতি ড. রবিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বসন্ত বাঙালির জীবনে এক নতুন প্রভাতের বার্তা নিয়ে আসে। আমাদের ষড়ঋতুর বৈচিত্র্য পৃথিবীর আর কোথাও নেই। ঋতুচক্রের সঙ্গে আমাদের জাতির সংযোগ রয়েছে। আমাদের লোকজ শিল্প উজ্জীবিত হয়েছে এই ঋতু বৈচিত্রে। আমাদের যে জারি, শারি, বাউল গান সবকিছুর মূলসুর এখান থেকেই।”
তিনি আরো বলেন,“বাঙালীর মানস গঠনেও এই ষড়ঋতুর প্রভাব রয়েছে। ষড়ঋতুর উপর ভিত্তি করে অনেক সময়ই আমাদের জীবন প্রণালী পরিবর্তিত হয়। আমরা কিছুটা বা ক্লীষ্ট, বসন্তে উদযাপিত, গ্রীস্মে উদাস, বর্ষায় স্নাত , শরতে প্রস্ফুটিত ও হেমন্তে উদ্বেলিত ধানের গানে। ঋতুর এই বৈচিত্রময় আবহ পৃথিবীর কোথাও নেই।”
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “ঋতুরাজ বসন্ত প্রকৃতিতে নতুন পরিবর্তন আনে। বসন্ত যেমন প্রকৃতিকে নব রূপে সাজায়, তেমনি আমাদেরও সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিতে হবে।”
Leave a Reply