নিজস্ব প্রতিনিধি:
চিলমারী-রাজিবপুর নৌরুটে সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ডাকাত বাবলু মিয়া ওরফে বাবুলের (৫০) বিরুদ্ধে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে গাইবান্ধা সদরের দক্ষিন কামারজানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। পরে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করা হয়।
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার বাবলু মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী ধুবনী এলাকার ফজলুল হকের ছেলে। প্রাথমিক তদন্তে তার সম্প্রতি চিলমারী-রাজিবপুর নৌরুটে সংঘটিত ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাই আরও বিস্তারিত তদন্তের জন্য আদালত থেকে দুই দিনের রিমান্ড নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, র্যাব ক্যাম্প গাইবান্ধার সহায়তায় নৌ পুলিশ অভিযানে অংশ নেয়। গ্রেপ্তারের সময় বাবলু মিয়া ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় পুলিশ।
প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি চিলমারী-রাজিবপুর নৌরুটে সংঘটিত ডাকাতির ঘটনায় চিলমারী মডেল থানায় মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর ২। তদন্তের স্বার্থে পুলিশ জানতে চায়, এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply