কুড়িগ্রাম প্রতিনিধি:
ঢাকায় শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ইন্টার্ন ম্যাটস্ শিক্ষার্থীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি আয়োজন করে ইন্টার্ন ম্যাটস্ শিক্ষার্থী পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
মানববন্ধনে ইন্টার্ন ম্যাটস্ শিক্ষার্থী পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রীতম চন্দ্র সরকার পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,“আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ যে ন্যাক্কারজনক ও বর্বর হামলা চালিয়েছে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা বরাবরই বঞ্চিত হচ্ছি। বারবার আমাদের আশার বাণী শোনানো হয়, কিন্তু তা বাস্তবায়ন করা হয় না। আমরা আমাদের পেশার সম্মান চাই, চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন চাই।”
“গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি মেডিকেল ও ক্লিনিকে যারা কমিউনিটি হেলথ ওয়ার্কার হিসেবে কাজ করছেন, তাদের অনেকেরই পর্যাপ্ত চিকিৎসা জ্ঞান নেই। তারা অনভিজ্ঞভাবে রোগীদের অ্যান্টিবায়োটিক পরামর্শ দিচ্ছেন, যা রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অথচ, যদি এসব স্থানে প্রশিক্ষিত ম্যাটস্ চিকিৎসকদের নিয়োগ দেওয়া হয়, তাহলে রোগীরা আরও ভালো মানের স্বাস্থ্যসেবা পাবেন।”
মানববন্ধনে উপস্থিত ম্যাটস্ ইন্টার্ন চিকিৎসক সুরাইয়া আক্তার বলেন,“কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না। জানুয়ারি মাসের আন্দোলনের সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে, সাত দিনের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে। কিন্তু আজও তার কোনো বাস্তবায়ন হয়নি।”
তিনি আরও বলেন,“বর্তমানে কমিউনিটি ক্লিনিকগুলোতে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তারা কেবলমাত্র ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত কোনো অভিজ্ঞতা নেই। অথচ, আমরা চার বছর ধরে চিকিৎসাবিষয়ক ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছি। আমাদের নিয়োগ দেওয়া হলে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হবে এবং রোগীরা আরও ভালো চিকিৎসা সেবা পাবেন।”
শিক্ষার্থীদের চার দফা দাবি: কমিউনিটি ক্লিনিকে ম্যাটস্ শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত করা।পেশাগত মর্যাদা ও সম্মান নিশ্চিত করা।
চার বছরের ডিপ্লোমা সম্পন্ন শিক্ষার্থীদের সরকারি চাকরির সুযোগ দেওয়া।স্বাস্থ্যসেবা খাতে তাদের যথাযথ অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইন্টার্ন ম্যাটস্ শিক্ষার্থী পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক সজিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক লতিফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply