ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা প্রেসক্লাব ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেছেন, পাবিপ্রবির বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। শুধু অবকাঠামোগত নয় তাদের মনোজাগতিক পরিবর্তনে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে তারা দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে ওঠে। বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা, জ্ঞান সৃষ্টির উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। গত সরকারের আমলে যত্রতত্র বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হলেও শিক্ষার মান রক্ষা করা হয়নি। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দলীয়করণ করা হয়েছে। মানসম্মত শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই। ফলে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। বিগত ১৬ বছরেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আচরণ বিধি তৈরি করা হয় নাই, এখানে কোনো সিস্টেম গড়ে ওঠেনি। আমরা বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে আনার জন্য এবং একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ে হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা পরিকল্পনা হাতে নিয়েছি। সেই পরিপরিকল্পনা অনুযায়ী রিসার্চ সেল গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীদের গ্রন্থাগার-মেডিকেল সুবিধা বাড়ানো, খেলাধুলার পরিবেশ বাড়ানো, আবাসিক হলের সুযোগ সুবিধা বাড়ানো, এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিজ বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান তথা শিক্ষার পরিবেশ উন্নয়নে সার্বক্ষণিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা হচ্ছে। বন্ধ থাকা একাডেমিক স্কলারশিপ চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আয়তন বাড়ানোর জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন। পাবনার ঐতিহ্য কৃষি, পশুপালন; এগুলো নিয়ে গবেষণা করা হবে। সর্বোপরি বিশ্ববিদ্যালয়কে একটি সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, রেজিস্ট্রার বিজন কুমার। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম। পাবিপ্রবি প্রেসক্লাবে সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিলসহ পাবনা শহর ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Leave a Reply