মোঃ ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম স্হান অর্জন করেছেন কুড়িগ্রামের উলিপুরের তরঙ্গ। তিনি শান্তিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম এবং গৃহিণী মোছাঃ নাজমিন আক্তার রীতার একমাত্র সন্তান। তরঙ্গের এই অসামান্য সাফল্যে গর্বিত তার পরিবার, শিক্ষক এবং এলাকাবাসী।
উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ১৫তম স্হান অর্জনের পর তরঙ্গের মেধা সবার নজর কেড়েছিল। ধারাবাহিক এই সাফল্যে তিনি আবারও প্রমাণ করলেন, সঠিক পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে গ্রামের মাটিতেও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।
তরঙ্গের পিতা হাফিজুর রহমান সেলিম বলেন, “ছেলের এমন অর্জন একজন শিক্ষক ও পিতা হিসেবে আমার জীবনের সেরা প্রাপ্তি।” তার মা মোছাঃ নাজমিন আক্তার রিতা আবেগাপ্লুত কণ্ঠে জানান, “ছোটবেলা থেকেই ছেলেকে মানবিক হতে শিখিয়েছি। তার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা। আজ সে সেই স্বপ্ন পূরণের পথে।”
অতুলনীয় মেধাবী ও মানবিক তরুণ তরঙ্গ বলেন, “আমি চাই, আমার জ্ঞান ও সেবার মাধ্যমে দেশের মানুষের উপকার করতে। চিকিৎসা যেন সবার কাছে সহজলভ্য হয়, সেই লক্ষ্যে কাজ করাই আমার স্বপ্ন।”
তরঙ্গের সাফল্যে উলিপুরে বইছে আনন্দের বন্যা। তার স্কুল ও এলাকার মানুষ মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেছেন। তরুণদের কাছে তিনি হয়ে উঠেছেন এক উজ্জ্বল অনুপ্রেরণা।
তরঙ্গের এই অর্জন কেবল তার পরিবারের নয়, পুরো উলিপুরের গর্ব। তার সাফল্য প্রমাণ করে, গ্রাম থেকেই বিশ্বজয় সম্ভব।
Leave a Reply