কুড়িগ্রাম সংবাদ ডেস্ক
কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে এক মটিভেশনাল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল উদ্দেশ্য ছিল পুলিশি সেবার মানোন্নয়ন এবং সম্মানিত নাগরিকদের অধিকতর সেবা প্রদান।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।
সভায় অতিরিক্ত ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, কাজের গতি বৃদ্ধি, এবং নাগরিক সেবা সহজতর করার ওপর বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশি কার্যক্রমে আরও পেশাদারিত্ব ও মানবিকতা আনার প্রতি গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন। এছাড়া জেলার বিভিন্ন থানা/ইউনিট প্রধানসহ অন্যান্য পুলিশ সদস্যরাও সভায় অংশগ্রহণ করেন।
এই মতবিনিময় সভা থেকে পাওয়া নির্দেশনা এবং অনুপ্রেরণার মাধ্যমে কুড়িগ্রাম জেলা পুলিশ তাদের সেবা আরও উন্নত ও জনবান্ধব করার প্রত্যয়ে অগ্রসর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।














Leave a Reply