গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬০১ জনে।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, একজন চট্টগ্রাম বিভাগের এবং আরেকজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এ সময়ে আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২০৭ জন রয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে (সিটি করপোরেশন বাদে) ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, বরিশালে ২ জন, খুলনায় ৫৬ জন, ময়মনসিংহে ২০ জন, রাজশাহীতে ৬৬ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৭ হাজার ৬০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। আর মৃতদের মধ্যে ৫০ দশমিক ৪০ শতাংশ নারী ও ৪৯ দশমিক ৬০ শতাংশ পুরুষ।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ঢাকায় ছিলেন এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
এর আগে ২০১৯ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন এক লাখ এক হাজার ৩৫৪ জন, তখন প্রায় ৩০০ জন মারা যান। তবে ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর প্রকোপ কম ছিল। ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান।
২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন এবং ২৮১ জনের মৃত্যু হয়।












Leave a Reply