রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রাজারহাট উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক অগ্রযাত্রা পত্রিকার রাজারহাট প্রতিনিধি শ্রী রতন রায়ের পিতা মধুসূদন রায় (৬৬) আর নেই। রোববার ভোর ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মধুসূদন রায় রাজারহাট ইউনিয়নের দেবীচরণ গ্রামের বাসিন্দা এবং মৃত উপেন্দ্র নাথ রায়ের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার রাত ২টার দিকে নিজ বাড়িতে হঠাৎ ব্রেইন স্ট্রোক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।
রোববার দুপুরে দেবীচরণ গ্রামের শীতলির দিঘি মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আইয়ুব আলী আনসারি, উপজেলা হিন্দু যুব মহাজোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ সরকার, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক পীযুষ রায় ও সদস্য সচিব স্বপন সাহাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সকলেই গভীর সহানুভূতি প্রকাশ করেন।
Leave a Reply