রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে চাঁদাবাজদের নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে রাজারহাটের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা “চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিচার চাই”, “সোহাগ হত্যার বিচার চাই” ইত্যাদি প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো শহর।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট শাখার সভাপতি তোফায়েল আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজারহাট উপজেলা সভাপতি সুজন মিয়া, হেফাজতে ইসলাম রাজারহাট শাখার সাধারণ সম্পাদক শেখ হাবিবুল্লাহ, বাংলাদেশ খেলাফতে মজলিস রাজারহাট উপজেলা সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ছাত্র সমাজের সাইয়াদুর রহমান, ক্বওমী ওলামা পরিষদের আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি আরিফুল ইসলাম, এনসিপি কুড়িগ্রাম জেলা সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, এনসিপি রাজারহাট উপজেলা যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম।
বক্তারা বলেন, “চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য যেভাবে বাড়ছে, তা দেশের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি। সোহাগ হত্যার বিচার দ্রুত সম্পন্ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
Leave a Reply