স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেটে শুরু হয়েছে এক নতুন অধ্যায়—তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছে দল। টেস্টে নাজমুল হোসেন শান্ত, টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান কিংবা তার বিকল্প খোঁজার প্রক্রিয়ার মাঝেই এবার ওয়ানডে দলের নেতৃত্বেও এসেছে পরিবর্তন। ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শান্ত, আর তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বছরের জন্য মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক, দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে।
জানা গেছে, শান্ত নিজেই নেতৃত্বে আগ্রহ না দেখানোয় নতুন অধিনায়ক নিয়োগের প্রয়োজন পড়ে। বিসিবি মিরাজের অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং মাঠে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য বিবেচনায় তাকে দায়িত্ব দিতে সম্মত হয়েছে।
মেহেদী হাসান মিরাজ এর আগে যুবদল, ‘এ’ দল এবং জাতীয় দলে সহ-অধিনায়কের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। তরুণ এই ক্রিকেটারের কাঁধে ওয়ানডে দলের দায়িত্ব আসায় ভবিষ্যতের পরিকল্পনাকে ঘিরেও আশাবাদী বোর্ড।
Leave a Reply