আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা জেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে ৬ কিশোরী ডুবে মারা গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জুন) আগ্রার সিকান্দরা থানা এলাকায়।
স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওই কিশোরীরা কৃষি জমিতে কাজ শেষ করে প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করতে যমুনা নদীর তীরে যায়। তারা মোবাইল ফোনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার জন্য ‘রিলস’ ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে নদীর তীরে খেলা করতে করতে তারা ধীরে ধীরে গভীর পানিতে চলে যান এবং হঠাৎ স্রোতের টানে ভেসে গিয়ে ডুবে যান।
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে চারজন কিশোরী ডুবে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ জনে।
মৃত সকল কিশোরীর বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে এবং তারা একই গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে। নদীর তীরে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
এক কিশোরীর স্বজন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ওরা সবাই মাঠে কাজ করছিল। গরমে হাঁপিয়ে ওঠায় একটু পানিতে নেমেছিল। কিন্তু আমরা ভাবতেও পারিনি ওদের আর ফিরে পাওয়া যাবে না।”
খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি শোকসন্তপ্ত পরিবারকে সহানুভূতি ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে কীভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
Leave a Reply