জামিউল ইসলাম, ঢাবি:
পবিত্র ঈদ উল আজহার দিন অর্থ্যাৎ আগামী ৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক অনন্য আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও ইসলামী ছাত্রশিবির। হল কর্তৃপক্ষের পাশাপাশি এবার এই দুই ছাত্র সংগঠনও কুরবানীর আয়োজন করেছে যা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে শিক্ষার্থীদের।
এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের এক ফেইসবুক পোস্টে জানান, নানান প্রতিবন্ধকতার দরুন অনেক শিক্ষার্থীই ঈদ-উল আজহায় ক্যাম্পাসে থাকবেন, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারবেন না। সেদিক বিবেচনায় ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে একত্রে ঈদ উদযাপনের চিন্তা করেছি। উপযুক্ত প্লেস হিসেবে হল পাড়ার জসীম উদ্দিন হলের মাঠে আমরা একটা গরু কুরবানী করার উদ্যোগ নিয়েছি। ক্যাম্পাসে থাকা সকল শিক্ষার্থীরা মিলে একসাথে কুরবানী করব, খাওয়া-দাওয়া করব, ঈদ উদযাপন করব। গরু কেনার বিষয়ে ক্যাম্পাসের কয়েকজন সিনিয়র, শুভাকাঙ্ক্ষীর সাথে আলাপ করেছি, তারা সহায়তা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। আমাদের উদ্যোগের সাথে আপনারা কেউ শামিল হতে চাইলে যোগাযোগ করার অনুরোধ রইলো।
অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবারের ঈদ-উল-আজহায় আয়োজন করতে যাচ্ছে আত ত্বাকওয়া কুরবানী ফেস্ট।
ঢাবি ছাত্রশিবিরের ছাত্রকল্যাণমূলক প্রজেক্ট INSAF (Initiative for Safe and Assured Future) এর ব্যবস্থাপনায় আয়োজন হবে এই কুরবানী ফেস্ট।
ঢাবি ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, ‘ছাত্রশিবিরের সকল কালক্রমই শিক্ষার্থীবান্ধব, ইতোমধ্যে হেলথ ক্যাম্প, ইফতার প্রোগ্রাম ও ঠান্ডা পানির রেফ্রিজারেটর স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। সামনে ঈদ উল আজহা, ঈদের এই আনন্দময় সময়টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নানা কারণে নিজ বাড়িতে ফিরতে পারেন না, সেইসব শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এবং এক ভ্রাতৃত্বের পরিবেশ গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে আমাদের এই ছোট্ট আয়োজন। সকলের দোয়া ও সহোযোগিতায় আমরা ঈদের আনন্দ একসাথে ভাগ করে নিতে চাই।’
ইনসাফের পরিচালক ও ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার জানান, আগামী ৭ জুন ২০২৫ তথা ঈদুল আজহার দিনে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি ভেন্যু– মুহসীন হল খেলার মাঠ ও কার্জন হলে আয়োজিত হবে আত ত্বাকওয়া কুরবানী ফেস্ট ২০২৫– যেখানে আমরা পশু কুরবানী পরবর্তী মেজবানী দুপুরে অংশ নিব।
তিনি আরও জানান, আমাদের হল প্রতিনিধিগণ প্রত্যেক হলের প্রত্যেক রুমে ঈদের দিন যে সকল শিক্ষার্থী হলে অবস্থান করবেন তাদের নিকট আমাদের দাওয়াতনামা পৌঁছে দিবেন। দাওয়াতনামা সাথে নিয়ে নির্ধারিত সময়ে শিক্ষার্থীগণ নিকটতম বা সুবিধাজনক ভেন্যুতে এসে আমাদের সাথে শামিল হতে পারবেন।
Leave a Reply