উলিপুর প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” নামক প্লাটফর্মটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে লড়াইরত শিক্ষার্থীদের সংগঠন হিসেবে পরিচিত এই প্লাটফর্মটি সম্প্রতি উলিপুরে সংগঠনটির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এই কমিটি ঘোষণা করে।
আজ বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ এবং মূখ্য সংগঠক সাদিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২৫ সদস্যবিশিষ্ট এই তিন মাসের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া হয়।
কমিটিতে রাকিব হাসান-কে আহ্বায়ক এবং নাজমুল আল হাসান-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির হোসাইন এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়রা আক্তার। সংগঠক হিসেবে জিহাদ সরকার সোয়াদ-সহ আরও অনেকে বিভিন্ন দায়িত্বে আছেন।
কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় সদস্য সচিব নাজমুল আল হাসান বলেন—
“কমিটি আমার দৃষ্টিগোচর হয়েছে। তবে আমার কাছে কমিটি নয়, কাজই মুখ্য বিষয়। কমিটি থাক বা না থাক, আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করে যাব।”
তিনি আরও বলেন,
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি লেজুড়বৃত্তিহীন, নিরপেক্ষ ও সাধারণ শিক্ষার্থীদের জোট। এখানে কোনো দলীয় প্রভাব নেই, নেই ব্যক্তিস্বার্থের রাজনীতি। আমরা বিশ্বাস করি— শিক্ষা, মানবিকতা ও সমতার ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য।”
জেলা পর্যায়ের নেতারা জানান, সাময়িক এই আহ্বায়ক কমিটি পরবর্তী তিন মাসে সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠন বিস্তার, সদস্য সংগ্রহ ও ছাত্রদের অধিকার রক্ষায় ভূমিকা রাখা হবে তাদের প্রধান কাজ।
উল্লেখ্য, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” সারা দেশে সামাজিক ও শিক্ষাগত বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্রদের একটি বিকল্প প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে। এ সংগঠনটি দলীয় রাজনীতির বাইরে থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছে।
Leave a Reply