পাবিপ্রবি প্রতিনিধি :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর উপস্থিতির হার ৯২.৩৫ শতাংশ।
শুক্রবার (২ মে ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিয়ারিং ভবন, এম এ ওয়াজেদ আলী মিয়া বিজ্ঞান ভবন, মহুয়া ভবন ও একাডেমিক ভবন ২ এ অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ও পরীক্ষাসংশ্লিষ্টরা। এর আগে তারা পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার স্থানে যান এবং তাদের সাথে কথা বলেন। অবিভাবকদের জন্য বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, বিস্কুট ও মহিলা অভিভাবকদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে জন্য আমরা সুযোগ সুবিধা বাড়িয়েছি। উত্তরবঙ্গের শিক্ষার্থীরা এখানে বেশি এসেছে। আমাদের শিক্ষক ছাড়াও পাবনার সুনামধন্য স্কুল-কলেজের শিক্ষকরা পরীক্ষা গ্রহণ করেছেন। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার চেষ্টা করেছি। স্বল্পসময়ে ফল প্রকাশ করা হবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি আমাদের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী, প্রক্টরিয়াল বডি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীসহ পাবনা বাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
প্রসঙ্গত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আগামী ৯ মে সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে এ ইউনিটের আওতাভুক্ত স্থাপত্য বিভাগের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Leave a Reply