মিজানুর রহমান মিজান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে শিয়াল মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল হাকিম (৫৯) নামের এক ব্যক্তি মারা গেছে। আজ বুধবার সকালে উপজেলার পৌরশহরের নারিকেলবাড়ী সন্যাসীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হাকিম নারিকলেববাড়ী গ্রামের নুরুল হকের ছেলে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল হাকিম তার বাড়ীর পাশে আট শতক জমিতে পাট চাষ করেছেন। সম্প্রতি ওই এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে গিয়ে পাট খেত ভেঙে ফেলায় তিনি(আবদুল হাকিম) জমিতে শিয়ালের জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। আজ বুধবার সকালে তিনি বাসায় বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন না করেই পাট খেতে শিয়াল আটক পড়েছে কিনা দেখতে যান। এসময় অসাবধানতাবসত তার পা বৈদ্যুতিক ফাঁদে পড়ে তিনি সেখানে আটকে গিয়ে সেখানেই তার প্রাণ যায়।
পরে সকাল ৯টার দিকে স্থানীয় একজন ব্যক্তি ঘাস কাটতে সেখান দিয়ে যাওয়ার সময় আবদুল হাকিমকে সেখানে পড়ে থাকতে দেখে বাসায় খবর দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর পৌরসভার কাউন্সিলর হারুন অর রশীদ জানান, জমিতে শিয়ালের উপদ্রব নিয়ন্ত্রণে শিয়াল মারা ফাঁদ পেতেছিল কৃষক আবদুল হাকিম। সকালে পাট খেত দেখতে গেলে অসাবধানে ওই ফাঁদে পড়ে তিনি মারা গেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন কৃষক মারা গেছে। এ বিষয়ে পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত হয়েছে।
Leave a Reply