এনামুল হক, রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বোতলার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডার্ড ব্যাংক।
এই ক্যাম্পে চক্ষু, মেডিসিন, শিশু ও প্যাথলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা আট শতাধিক প্রান্তিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় প্রেসক্রিপশন প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে প্রদান করা হয় ওষুধপত্র, পুষ্টিকর খাবার, শিশুদের টুথব্রাশ, পোশাক ও নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন।
চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব আবদুল লতিফ বলেন, “আমি ফ্রি-তে ডাক্তার দেখিয়ে চশমা ও ঔষধ পেয়েছি। হাতের কাছেই এই সেবা পেয়ে খুব ভালো লেগেছে।”
আরেক রোগী আবদুল খালেক জানান, “আমার কোমর থেকে পা পর্যন্ত ব্যথা। এখানে ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়েছি, অথচ টাকার অভাবে আগে চিকিৎসা করতে পারিনি।”
শিশু সিমির বাবা শাহাজামাল বলেন, “বাচ্চাটা কয়েকদিন ধরে অসুস্থ ছিল। এখানে শিশু ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ওষুধ পেয়েছি।”
ক্যাম্পে উপস্থিত ছিলেন ক্যাম্প কো-অর্ডিনেটর আবু হাসনাত দিপু, ডা. মশিউর রহমান, ডা. রাকিব ভুঁইয়া, জামসেদুল ইসলাম, সেবিকা কবিতা রানী, মার্কি চাকমা ও ল্যাব টেকনোলজিস্ট খোকন নাথসহ একদল স্বেচ্ছাসেবক।
ক্যাম্প কো-অর্ডিনেটর আবু হাসনাত দিপু জানান, “আগামী দুই মাস উত্তরবঙ্গের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এই চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”
Leave a Reply