বর্তমানে চাকরির বাজারে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় তরুণরা যদি বিকল্প পথ খোঁজেন, তবে কৃষি খাত হতে পারে একটি সম্ভাবনাময় ও লাভজনক ক্ষেত্র। একসময় যা ছিল শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম, এখন তা হয়ে উঠেছে আধুনিক প্রযুক্তি নির্ভর একটি বাণিজ্যিক উদ্যোগ।
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও, এর সম্ভাবনার পুরোটা আমরা এখনো কাজে লাগাতে পারিনি। তরুণরা যদি আধুনিক পদ্ধতিগুলো যেমন হাইড্রোপনিক্স, ছাদ কৃষি, অ্যাকোয়াপনিক্স কিংবা অর্গানিক ফার্মিংকে কাজে লাগিয়ে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসে, তাহলে দেশের কৃষি খাতের রূপান্তর নিশ্চিত হবে।
কম জমি ও সীমিত বিনিয়োগেও কৃষি খাতে সফলতা অর্জন সম্ভব। প্রযুক্তির সহায়তায় এখন কৃষি মানে শুধু চাষাবাদ নয়—বরং এটি রূপ নিয়েছে এক উদ্ভাবনী ও বাণিজ্যিক খাতে। ড্রোন, স্মার্ট সেচ ব্যবস্থা, কৃষি অ্যাপসের ব্যবহার ইত্যাদি নতুন প্রজন্মের জন্য খুলে দিয়েছে অগণিত সম্ভাবনার দ্বার।
তবে এই খাতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজন সরকারের সহায়তা, প্রশিক্ষণ ও তথ্যভিত্তিক সহায়তা। আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজন জ্ঞান ও দক্ষতা, যা তরুণদের কৃষি উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে।
চাকরির পেছনে ছুটে ক্লান্ত না হয়ে তরুণরা যদি কৃষি খাতকে গ্রহণ করে, তাহলে তা হবে নিজের জন্য আর্থিক স্বাচ্ছন্দ্যের পথ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম।
সোহানুর রহমান সোহাগ
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ
কুড়িগ্রাম সরকারি কলেজ
Leave a Reply