জবি প্রতিনিধি:
দীর্ঘদিন বন্ধ থাকার পর কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল যাদুরচরে শিক্ষার প্রসারে নতুন উদ্যমে পুনঃযাত্রা শুরু করেছে ‘যাদুরচর ছাত্র কল্যাণ সংস্থা’। এতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সৈকত জামান সজিব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবু রায়হান চৌধুরী রনি।
গত ৪ এপ্রিল এক আলোচনা সভায় উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক পুনঃযাত্রা ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুব আলম (জবি) ও শামীম খান (জাককানইবি), যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া রাফি (রুয়েট), এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন কাওসার আহমেদ হামীম (ইউল্যাব)।
সংগঠনটির মূল লক্ষ্য হলো যাদুরচরের শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টি। ভবিষ্যতে বিনামূল্যে পাঠদান, বই ও শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষাবিষয়ক সেমিনার এবং ক্যারিয়ার কাউন্সেলিংসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
সংগঠনের সভাপতি সৈকত জামান সজিব বলেন, “আমরা চাই যাদুরচরের প্রতিটি শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। এটি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের এলাকার শিক্ষার জন্য একটি স্বপ্নযাত্রা।”
সাধারণ সম্পাদক আবু রায়হান চৌধুরী রনি বলেন, “শুধু বই-খাতা নয়, আমরা যাদুরচরের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশা দেখাতে চাই। স্থানীয়ভাবে সচেতনতা তৈরি করাই হবে আমাদের প্রথম কাজ।”
স্থানীয় মানুষের সহযোগিতা ও সমর্থন পেলে ‘যাদুরচর ছাত্র কল্যাণ সংস্থা’ ভবিষ্যৎ প্রজন্ম গড়ার পথে একটি আলোকবর্তিকা হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি সফলভাবে পরিচালনা করেছিল। তবে করোনা মহামারির কারণে কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এবার নতুন নেতৃত্ব ও পরিকল্পনার আলোকে সংগঠনটি আবারও সক্রিয়ভাবে পথচলা শুরু করেছে।
Leave a Reply