রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই আল-আমিন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে রাজারহাট থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি আলতাফ হোসেনকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমার গ্রামের আদম আলীর বাড়ির উঠানে অনুষ্ঠিত একটি শালিসি বৈঠকে।
ভুক্তভোগী ইন্নি আক্তার আদুরি একই ইউনিয়নের আদম আলীর মেয়ে এবং অভিযুক্ত স্বামী হারুন অর রশীদ মোস্তফার ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের টাকার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলতে থাকে। যৌতুকের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ইন্নি আক্তার আদুরি সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন দীর্ঘদিন ধরে। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে ২ এপ্রিল আদম আলীর বাড়ির উঠানে একটি শালিসি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকের সময় পরিকল্পিতভাবে স্বামীপক্ষ উপস্থিত হয়ে স্ত্রীপক্ষের ওপর হামলা চালায়। এতে পাঁচজন গুরুতর আহত হন এবং হামলাকারীরা স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও গবাদি পশু লুটে নেয়। পরে ৯৯৯-এ কল করলে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও গবাদি পশু উদ্ধার করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তসলিম উদ্দিন জানান, ঘটনায় মামলা রুজু হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply