মেহেবুবা রহমান, বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে ভিন্নচোখ ফাউন্ডেশন। সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে উলিপুর পৌরসভা, সাইনবোর্ড এলাকা, পুরিরপটল ও তবকপুরের ২৫০টি দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ২,০০০ টাকা করে মোট ৫ লক্ষ টাকা বিতরণ করা হয়।
ঢাকাস্থ এক হৃদয়বান ব্যক্তির আর্থিক সহযোগিতায় সুবিধাবঞ্চিত পরিবারগুলো ঈদের আনন্দে সামিল হওয়ার সুযোগ পেয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
সহায়তা পাওয়া পরিবারের মধ্যে উলিপুর পৌরসভার ৭২টি, সাইনবোর্ড এলাকার ২৫টি, পুরিরপটল এলাকার ৪৪টি এবং তবকপুরের ১০৯টি পরিবার অন্তর্ভুক্ত। আয়োজকদের মতে, এই পরিবারগুলোর বেশিরভাগই দিনমজুর, কৃষক, নদী ভাঙ্গন কবলিত নিম্ন আয়ের শ্রমজীবী, যাদের জন্য ঈদের আনন্দ অনেক সময় সীমাবদ্ধ থাকে নিত্যদিনের সংগ্রামের মাঝে। নগদ অর্থ সহায়তা পাওয়ায় তারা এবার অন্তত প্রয়োজনীয় বাজার-সদাই ও সন্তানের জন্য নতুন পোশাক কেনার সুযোগ পেয়েছে।
সংগঠনটির আহ্বায়ক আফনান বিন ইব্রাহিম মান্না বলেন, “ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছানো উচিত। কিন্তু বাস্তবতা হলো, অনেক পরিবার এই সময়েও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে থাকে। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মানিক চন্দ্র সুজিত জানান, “এই সহায়তা কোনো দয়া নয়, বরং সামাজিক দায়িত্ববোধ থেকেই আমাদের এ উদ্যোগ। যিনি সহযোগিতা করেছেন, তিনি নিজেকে আড়ালে রেখেছেন, তবে তার এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে কেউ আর অভাবের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে না।”
নগদ অর্থ সহায়তা পাওয়া একাধিক সুবিধাভোগী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবকপুর এলাকার এক উপকারভোগী (বিধবা মহিলা) ভিন্নচোখ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ঈদের সময় বাচ্চাদের নতুন কাপড় দিতে পারব কি না, তা নিয়ে চিন্তায় ছিলাম। এই সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি পেলাম। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”
ভিন্নচোখ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বস্তি এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির একাধিক সদস্য।
Leave a Reply