ফুলবাড়ী প্রতিনিধি:
ভারত সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক বাংলাদেশি যুবক নয়ন মিয়া (২৬) ঢাকা জেলার হাতিরঝিল থানার ব্যাগোটিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার খলিশাকোঠাল সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও থানা সুত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বাংলারহাট ক্যাম্পের টহল দল ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর সাব পিলার ৯ এর ৩শ গজ বাংলাদেশের অভ্যান্তরে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে শুক্রবার সকালে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।
আটক নয়ন মিয়া জানান, তিন বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভারতে যান। তিন বছর বিভিন্ন জায়গায় কাজ শেষে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা সীমান্ত দিয়ে ১২ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি আটক করে।
এ প্রঙ্গসে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করে জানান,বিজিবি বাংলাদেশি এক যুবককে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে।
Leave a Reply