এনামুল হক সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স ডি,কে ব্রিকস ইটভাটাকে সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি সহকারী কমিশনার আরিফুল ইসলাম।
জানাগেছে, প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে সদরের টগরাইহাটে অবস্থিত মেসার্স ডি,কে ব্রিকস নামক ইটভাটার কিলন ভেঙে দেয়া সহ ভাটার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভিয়ে ফেলার মাধ্যমে ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস টিম, পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply