অনলাইন ডেস্ক:
সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব প্রতিষ্ঠানকে রক্ষা করতে অন্তর্বর্তীকালীন সরকার সচেষ্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে তিনি বলেছেন, ইতোমধ্যে দুর্নীতি-অর্থ পাচারে অভিযুক্ত দেড়শ প্রভাবশালীর তালিকা তৈরি করা হয়েছে এবং ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে। এছাড়া ১৫ শতাংশ আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত পরিসম্পদ অর্থাৎ কালো টাকা সাদা করা বিধান বাতিল করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সরকারের কার্যক্রম সম্পর্কে জানাতে সরকারপ্রধান জাতির উদ্দেশে ভাষণ দেন।
প্রধান উপদেষ্টা জানান, সরকারি কার্যক্রমে গতি আনতে ১৯ হাজার ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি, ১৩ হাজার ৪২৯ জনকে বদলি এবং ১২ হাজার ৬৩৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পতিত সরকার ও তার দোসররা প্রতি বছর ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার করেছে জানিয়ে তিনি বলেন, দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ সম্প্রতি এই তথ্য দিয়েছে। পাচার হয়ে যাওয়া এই অর্থ ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দ্রব্যমূল্য নিয়ে লুকোছাপা নেই’ বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, এই সরকার দায়িত্ব গ্রহণের পর বেশ কয়েকটি বন্যা হয়েছে, ফলে বন্যাপরবর্তী সময়ে বাজারে শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তিনি বলেন, মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষিপণ্য কিনতে পারে সে জন্য রাজধানীসহ বিভিন্ন স্থানে সরকারি কিছু পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৭ লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে।
পতিত শেখ হাসিনা এবং তার দলের নেতারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য মহাপরিকল্পনা করছে উল্লেখ করে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, এ সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সে অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না।
তারা (ষড়যন্ত্রকারীরা) সফল হওয়া মানে জাতির মৃত্যু। জাতি হিসেবে আমাদের অবসান’ উল্লেখ করে ড. ইউনূস দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়ে বলেন, তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দিন। যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে। তাদের আয়না ঘরকে। প্রতি পায়ে তাদের অনাচারের শিকলকে। এ ব্যাপারে সবাই একমত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।

Leave a Reply