অনলাইন ডেস্ক:
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তিন দফা দাবি মেনে না নেয়ার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের বিক্ষোভরত শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার পর এসব শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করে। আন্দোলনে অংশগ্রহণকারী কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
এর ফলে বর্তমানেসব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে সায়েন্সল্যাব মোড়ে। তবে সায়েন্সল্যাব ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সতর্ক অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে একই দাবিতে সোমবার সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। পরে তারা তিন দফা দাবি জানিয়ে পূরণের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।
তাদের দাবিগুলো হলো-
১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।
২. এ কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবেন।
৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।
উল্লেখ্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতানুগতিক পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। অধিভুক্ত কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে।
Leave a Reply