কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৭২ ঘণ্টার ব্যবধানে দুই শিশুকন্যা পুকুরের পানিতে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় দুই পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ মো. জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী মোছা. জাকিয়া খাতুন (৯) রোববার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। পরে দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে জাকিয়ার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল।
এর আগে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৮) একইভাবে পুকুরের পানিতে পড়ে মারা যায়। বিষয়টি রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রায়হান কবির নিশ্চিত করেছেন।
একই উপজেলায় দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে।
Leave a Reply