জবি প্রতিনিধি:
আবাসন সংকট নিরসনসহ চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পার হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী আবাসন সুবিধা গড়ে ওঠেনি। তারা বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জবির এই অব্যবস্থা চরম বৈষম্যমূলক এবং এটি শিক্ষার্থীদের শিক্ষা, নিরাপত্তা ও মৌলিক মানবিক চাহিদার পরিপন্থী।
শিক্ষার্থীদের দাবি, আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাসের অনিশ্চয়তা ও ছাত্র সংসদ নির্বাচনের অনুপস্থিতি দীর্ঘদিন ধরেই তাদের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলোর বাস্তবায়ন দ্রুত শুরু না হলে চলমান শান্তিপূর্ণ আন্দোলন আরও জোরদার হবে, যার দায় সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা যেসব চার দফা দাবি তুলে ধরেন, তা হলো:
১. ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট বাড়াতে হবে এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য মাসিক আবাসন ভাতা অন্তর্ভুক্ত করতে হবে।
২. হল ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি: পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করতে হবে।
৩. অগ্রগতির নিয়মিত প্রতিবেদন: প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি শিক্ষার্থীদের সামনে মুক্তমঞ্চে তুলে ধরার জন্য প্রশাসনকে বাধ্যবাধকতার আওতায় আনতে হবে।
৪. জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জবিতে আবাসন সংকট এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের ধীরগতির কারণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এর আগেও শিক্ষার্থীরা একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের দাবি জানিয়ে আসছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
Leave a Reply