জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) টিএসসি দখলদারির অভিযোগকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ইতিহাস বিভাগের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মানহানির অভিযোগ দায়ের করেছেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র শাহিন আলম, শিহাব প্রান্ত ও নিশুর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। কোতোয়ালি থানাধীন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম জানান, টিএসসির দোকান উচ্ছেদ ইস্যুতে তিন শিক্ষার্থীর নামে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রদল নেতা ওমর ফারুক বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ যদি প্রমাণ না করতে পারে, তবে অভিযোগ তোলা শাহিনসহ সবার বিরুদ্ধে আমি মামলা করবো। যাকে আমি চিনিই না, তার কাছ থেকে কবে, কোথায়, কীভাবে চাঁদা চাইলাম—তা প্রমাণ করতে হবে।”
তিনি আরও বলেন, “শুধু শাহিন নয়, যারা এই অভিযোগ তুলেছে সবাইকে প্রমাণ দিতে হবে। আমি মামলাটি অজ্ঞাতনামা রেখেছি। তদন্তে যদি আরও কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জানা যায়, গত ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক শিক্ষার্থীর দেওয়া স্টল উচ্ছেদ করে সেখানে অন্য একজনের দোকান বসানোর চেষ্টা করেন ছাত্রদল নেতা ওমর ফারুক। এ ঘটনায় ভুক্তভোগী শিহাব প্রান্ত ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভিযোগ করেন, তার কাছ থেকে চাঁদা চেয়ে না পাওয়ায় স্টলটি উচ্ছেদ করা হয়।
প্রান্তের পক্ষে ফেসবুকে সমর্থন জানিয়ে পোস্ট দেন শাহিন আলম। সেখানে তিনি লেখেন, “শিহাব নিজেও ছাত্রদলের কর্মী। কতটা নিচু মানসিকতার হলে একজন সিনিয়র, যার ছাত্রত্বই নেই, সে তার জুনিয়রের কাছ থেকে চাঁদা দাবি করে! যদি ছাত্রদল ক্ষমতায় আসার আগেই নিজেদের কর্মীদের কাছ থেকেই চাঁদা আদায় শুরু হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?”
এই পোস্টের জেরে শাহিন আলমের বিরুদ্ধেও থানায় মানহানির অভিযোগ করেন ফারুক।
এ বিষয়ে শাহিন বলেন, “আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। এর জন্য যদি আমাকে জবাবদিহি করতে হয় কিংবা শাস্তি পেতে হয়, তাও মেনে নেব। আমি ১০০ বার চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবো।”
এদিকে অভিযোগের ভিত্তিতে দলীয়ভাবে ওমর ফারুকের পদ স্থগিত করা হয়েছে এবং তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও শিক্ষার্থীরা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
Leave a Reply