আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৫৬৬ দশমিক ৬৫ গ্রাম (৪৫ ভরি ৯ আনা ২ রতি ৫ পয়েন্ট ওজনের পাঁচটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা। এসময় সোনা চোরাচালানের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে শহিদুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে । সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকার বাংলাদেশ -ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৯ এর সাব পিলার ৭ এস থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ওই ব্যক্তির নিকট থেকে সোনা জব্দ করা হয়। পরে বিকাল ৫টায় আটক চোরাকারবারিকে ফুলবাড়ী থানায় সোর্পদ হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, একটি স্বর্ণের চালান ভারতে পাঁচার হওয়ার গোপন সংবাদে উপজেলার গংগাহাট ক্যাম্পের বিজিবির একটি টহলরত দল ওই স্থানে ওঁত পেতে থাকে। মোটরসাইকেল যোগে ওই চোরাচালানি পেরিয়ে যাওয়ার সময় বিজিবি তাকে থামানোর চেষ্টা করে।এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন ।বিজিবি সদস্যরা তাকে দৌড়ে আটক করতে সমর্থ হয়। পরে তার শরীর তল্লাশি করে পকেট থেকে কসটেপে মোড়ানো দুইটি প্যাকেট পান । প্যাকেট খুলে পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়।এরপর আটক স্বর্ণ চোরাকারবারিকে ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে স্বর্ণ ও চোরাকারবারিকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply