নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত এক হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী–এর চার দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুরের আদেশ শোনার পর মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, “আল্লাহ বিচার করবে।”
মামলার তদন্ত কর্মকর্তা কফিল উদ্দিন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে এই মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর সংশ্লিষ্টতার বিষয়ে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মানব পাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় তিন দফায় মোট ১৪ দিনের রিমান্ডে ছিলেন তিনি। সর্বশেষ তৃতীয় দফার রিমান্ড শেষে তাঁকে মিরপুর থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ এবং একই সঙ্গে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।
মঙ্গলবার বেলা একটার দিকে মাথায় হেলমেট ও হাতকড়া পরিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। প্রথমে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালতে তাঁকে গ্রেপ্তার দেখানোর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বক্তব্য উপস্থাপন করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
শুনানির সময় মাসুদ উদ্দিন চৌধুরী আদালতকে বলেন, “এই মামলার বিষয়ে আমার সামান্যতম ধারণা নাই।” এরপর আদালত তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
পরবর্তীতে তাঁকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে রিমান্ড শুনানির জন্য নেওয়া হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, “আমি কিছুই জানি না। বিচারকেরা তো আল্লাহর প্রতিনিধি। উনারা বিচার করতেছেন।” ওই আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি মামলার আইনজীবী নন; ব্যক্তিগত পরিচয়ের সূত্রে দেখা করতে এসেছেন।
বেলা সোয়া একটার দিকে রিমান্ড শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে এই সময়ও আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত চার দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই গণ–অভ্যুত্থানের সময় ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকার ফলপট্টিতে হামলা চালিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। তদন্তে এই ঘটনার সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Leave a Reply