কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রাম থেকে রংপুরগামী এস.এম পরিবহনের একটি চলন্ত বাসের সামনের ডান পাশের চাকা খুলে প্রায় ৩০০ মিটার দূর পর্যন্ত গড়িয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১টার দিকে উলিপুর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা গেছে, ঢাকা মেট্রো-জ ১৪-০৩১৭ নম্বরের বাসটি ত্রিমোহনী বাজার অতিক্রমের সময় হঠাৎ সামনের ডান পাশের চাকা খুলে রাস্তার এক পাশে গড়িয়ে যায়। এ সময় সামনের দিক থেকে একাধিক যানবাহন আসছিল। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সৌভাগ্যক্রমে কেউ গুরুতর আহত হননি এবং বড় ক্ষয়ক্ষতিও হয়নি।
যাত্রী রাব্বি হোসাইন বলেন, “গাড়ি রাস্তায় ছাড়ার আগে সঠিকভাবে চেক না করায় এমন দুর্ঘটনা ঘটেছে।”
অন্য এক প্রত্যক্ষদর্শী জুবায়ের হাসান দুলাল বলেন, “আমরা সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। আমাদের অটোর সামনে হঠাৎ বাসটি দুলতে দুলতে আসছিল। পরে দেখি চাকা খুলে গেছে। ভাগ্য ভালো, চালক সময়মতো গাড়ি থামাতে পেরেছেন।”
স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, “এমন ভাঙাচোরা ও ফিটনেসবিহীন বাস দেশের অন্য কোনো রুটে দেখা যায় না। প্রশাসনের উদাসীনতাই এর জন্য দায়ী।”
আরেক যাত্রী লিমন কবির বলেন, “এই রুটের অবস্থা ভয়াবহ। BRTC বাস চালাতে বাধা দেয় মালিক সমিতি। সার্ভিস যেমন খারাপ, বাসগুলোর অবস্থাও তেমনি নাজুক।”
যাত্রীদের অভিযোগ, নিয়মিত রুট ফিটনেস পরীক্ষা ও যানবাহন পরিদর্শনের অভাবেই এমন দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে।
Leave a Reply