দুর্জয় হাসান, কচাকাটা প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটায় রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অসহায় দম্পতি আব্দুস সাত্তার ও সুফিয়া বেগমের সর্বস্ব। এ যেন স্বপ্ন দেখার আগেই ঘুম ভাঙার মতো নির্মম এক বাস্তবতা।
স্থানীয় সূত্রে জানা যায়, কচাকাটা বাজার ঈদগাহ মাঠের পাশে এই দম্পতির ছোট্ট একটি ঘর ছিল তাদের শেষ আশ্রয়। বৃহস্পতিবার রাতেও ঝালমুড়ি বিক্রেতা বৃদ্ধ আব্দুস সাত্তার স্বপ্ন দেখেছিলেন পরের দিনের জীবিকার। কিন্তু গভীর রাতে চার্জারে রাখা ভ্যানগাড়ি থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।
আগুনে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ, ঝালমুড়ি বিক্রির সরঞ্জাম, এমনকি পরিবারের একমাত্র গরুটিও পুড়ে ছাই হয়ে যায়।
বয়সের ভারে ন্যুব্জ সাত্তার মিয়া ও তার স্ত্রী সুফিয়া বেগম জীবিকার তাগিদে প্রতিদিন বাড়িতে ঝালমুড়ি ও মুখরোচক খাবার তৈরি করে সাত্তার মিয়া বিক্রি করতেন বাজারে। সেই উপার্জনেই কোনোমতে চলছিল তাদের সংসার। কিন্তু এক রাতের আগুনে সবকিছু হারিয়ে এখন নিঃস্ব এই দম্পতি।
এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকাবাসী গভীর সহানুভূতি প্রকাশ করেছেন এবং অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সবাই।
Leave a Reply