তারেক খান মজলিশ তারা, নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল লুছনী মাদ্রাসা মাঠে শনিবার (১৮ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও সামাজিক সচেতনতা কার্যক্রম।
শহর থেকে দূরবর্তী ও দুর্গম এই এলাকায় যেখানে প্রাথমিক চিকিৎসারও সঠিক ব্যবস্থা নেই, সেখানে সকাল ৮টায় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল স্থলপথ ও জলপথ পাড়ি দিয়ে পৌঁছে যায়। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয় ক্যাম্পের কার্যক্রম।
প্রত্যন্ত অঞ্চলের কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণে অংশ নেন। চিকিৎসকরা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধপত্রের নির্দেশনা প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়রা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিকিৎসা সেবার পাশাপাশি ফাউন্ডেশনটি লুছনী মাদ্রাসার প্রায় তিন শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় জনগণের রক্তের গ্রুপ নির্ণয় করে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থীর রক্তের গ্রুপ না জানার কারণে সময়মতো সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। এটি প্রমাণ করে, সচেতন নাগরিক হিসেবে নিজের রক্তের গ্রুপ জানা কতটা জরুরি।”
রক্তের গ্রুপ নির্ণয় শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গাছ বিতরণ করা হয়, যা পরিবেশ সুরক্ষায় ফাউন্ডেশনের অঙ্গীকারকে প্রতিফলিত করে।
ক্যাম্পটি স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। ভলান্টিয়ার টিমের নেতৃত্বে ছিলেন আনিসুর রহমান আনিস (সভাপতি, নাগেশ্বরী উপজেলা টিম) ও মাহমুদ হাসান মিঠু (সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা টিম)। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সজিব আহমেদ, আদিল হোসেন, সোহানুর ইসলাম শুভ ও আবু মুছা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনারুল ইসলাম, যুগ্ম আহবায়ক, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ সেকেন্দার আলী মাস্টার, সাবেক সভাপতি, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি; এবং জনাব মোঃ আব্দুস সালাম, সভাপতি, ৫ নং ওয়ার্ড বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন তরুণ লেখক, স্বেচ্ছাসেবক ও সোশ্যাল এক্টিভিস্ট তারেক খান মজলিশ তারা, প্রতিষ্ঠাতা দ্য গ্রিন নেক্সাস, সহ স্থানীয় সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চিকিৎসক প্যানেলে ছিলেন ডা. মোঃ সোলায়মান আলী, ডা. মোঃ শহিদুল ইসলাম, ডা. প্রীতম সরকার, ডা. ইতি ও ডা. আদম আলী। প্যাথলজি টিমে দায়িত্ব পালন করেন রাশেদুল ইসলাম ও রোকনুজ্জামান।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের তত্ত্বাবধানে পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক নতুন উদাহরণ হিসেবে স্থান করে নেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
Leave a Reply