কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৬১৪ বস্তা নকল টিএসপি সার ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার উপস্থিতিতে এসব সার পৌরসভার ময়লা ড্যাম্পিং স্টেশনের গর্তে পুঁতে ফেলা হয়।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই ধ্বংস অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, গত বছরের ২৩ জানুয়ারি থেতরাই ইউনিয়ন বাজারে অভিযান চালিয়ে ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী রওশন আলীর বাড়ি থেকে ১৩৫ বস্তা এবং মাহবুবুর রহমানের বাড়ি থেকে ১৯৬ বস্তা নকল টিএসপি সার জব্দ করা হয়। একই বাজারের একটি ট্রাক থেকে আরও ২৮৩ বস্তা সার মোবাইল কোর্টের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়।
এছাড়া সম্প্রতি উলিপুর পৌরসভার ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়ি থেকেও বিপুল পরিমাণ নকল সার ও বীজ জব্দ করা হয়।
ধ্বংসকরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার আফরোজা পারভীন রিফা, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা কামাল, সাহেদুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার তপন কুমার সিংহ, সিনিয়র মৎস্য অফিসার স্বামীমা আক্তার এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আসিফ শাহরিয়ার উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তর জানায়, কৃষকদের জন্য নিরাপদ ও মানসম্মত সার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply